লাতিন আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার রাত ৭টা ৯ মিনিটে সংঘটিত এই ভূকম্পনে ঘরবাড়ির সামান্য ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত এবং পাহাড়ি এলাকায় ভূমিধস হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির জু নিন শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮ মাইল) উত্তর-পশ্চিমে ভূগর্ভের ১২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ৬.৭ হলেও এর গভীরতা ছিল ১০৮ কিলোমিটার। ভূকম্পনটি রাজধানী লিমা ছাড়াও আনক্যাশ, ইকা, উকাযালি, সেরো দে পাসকো, উয়ানুকো এবং কায়াওসহ বেশ কয়েকটি অঞ্চলে তীব্রভাবে অনুভূত হয়।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রী রাফায়েল বেলাউন্দে জানিয়েছেন, জু নিনের বিভিন্ন স্থানে বাসাবাড়িতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মহাসড়কে যানবাহন চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। তিনি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত এই ঘটনায় কারো আহত হওয়া বা স্বাস্থ্যগত প্রভাবের খবর পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানান, কম্পনের পর রাজধানী লিমার মিরাফ্লোরেস জেলায় শত শত মানুষ আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন।
পেরুর জাতীয় জরুরি পরিচালন কেন্দ্র (সিওইএন) জানিয়েছে, ভূমিকম্পটি মাঝারি থেকে তীব্র মাত্রায় অনুভূত হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পেরুভিয়ান জিওফিজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এরনান্দো তাভেরা এএফপিকে বলেন, ঝাঁকুনিটি বেশ জোরালো ছিল এবং এর প্রভাবে পাহাড়ের ঢালে ভূমিধস ও পাথর গড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।
ভৌগোলিক অবস্থানের কারণে পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ে অবস্থিত। জাপান, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি ভূকম্পনপ্রবণ হিসেবে পরিচিত। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, পেরুতে প্রতি বছর অন্তত ৪০০টি ভূমিকম্প হয়ে থাকে, যার মধ্যে প্রায় তিন-চতুর্থাংশই খুব মৃদু হওয়ায় মানুষ তা অনুভব করতে পারে না। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে জু নিন অঞ্চলে ৫.১ মাত্রার একটি ভূমিকম্পে ৬ জনের মৃত্যু হয়েছিল, আহত হন ৩২ জন এবং ৫২টি ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।
























