মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীন সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করার পর তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি যা-ই হোক না কেন, ইউক্রেনীয়দের কাছে পুতিন একজন ‘খুনি’ এবং প্রধান শত্রু।
জেলেনস্কি বলেন, পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট কী নামে ডাকবেন তা তার নিজস্ব বিষয়, তবে "আমাদের কাছে তিনি একজন শত্রু এবং একজন খুনি।" তিনি আরও যোগ করেন, "আমার মনে হয় বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই তিনি একজন খুনি, কারণ তিনি প্রতিদিন ও রাতে মানুষ হত্যা করে চলছেন।" ট্রাম্পের মতো শীর্ষ নেতাদের মাধ্যমে পুতিনকে ‘বন্ধু’ হিসেবে সম্বোধন করার ফলে রুশ প্রেসিডেন্টের ওপর প্রয়োজনীয় আন্তর্জাতিক চাপ সৃষ্টি হচ্ছে না বলেও মন্তব্য করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
চীন সফরের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প পুতিনকে তার ‘বন্ধু’ আখ্যা দিয়েছিলেন। সে সময় ট্রাম্প দাবি করেন, দীর্ঘ বছর ধরে তাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। পরবর্তীতে শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার মন্তব্যের সমর্থনে পুনরুক্তি করেন। ট্রাম্প বলেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান এবং জেলেনস্কি ও পুতিন উভয়েই শান্তি চান। রুশ নেতার সঙ্গে তার এই ব্যক্তিগত সম্পর্ক থাকা ইতিবাচক বলে দাবি করলেও পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু কি না—সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প।
রাজনৈতিক এই বাকযুদ্ধের মধ্যেই ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। জেলেনস্কির নিজ শহর মধ্য দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ২ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ (ডিএসএনএস) জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে আরও ১১ জন এবং উত্তর-পশ্চিমাঞ্চলের রিভনেতে ১ জন আহত হয়েছেন।
এর আগে শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের সেতু ও পশ্চিমাঞ্চলের একাধিক রেলওয়ে স্টেশন লক্ষ্য করে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন প্রাণ হারান। ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের সাম্প্রতিক বড় ধরনের আঘাতের কয়েকদিন পরই ক্রেমলিন এই প্রতিশোধমূলক হামলা জানায়। ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ১১০টি ক্ষেপণাস্ত্র এবং ৪০০টিরও বেশি ড্রোন দিয়ে চালানো এই হামলাকে জেলেনস্কি চলতি বছরের মধ্যে "সবচেয়ে বড় হামলা" হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে, ইউক্রেনে শুক্রবারের এই ব্যাপক হামলার সময় পার্শ্ববর্তী ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া। পোলিশ কর্তৃপক্ষের তথ্যমতে, দক্ষিণ-পূর্বে তিনটি সন্দেহভাজন বস্তুর মধ্যে অন্তত একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানান, ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নোউই লিপোভিয়েৎস নামক একটি গ্রামীণ এলাকায় পড়ে। স্থানটি ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর ৩৬টি সদস্য দেশের মধ্যে ১১টি দেশের ইউরোপীয় সেনাদের যৌথ সামরিক মহড়ার স্থান থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে ছিল। এছাড়া অন্য দুটি স্থানে আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন আঘাত হেনেছে বলে সন্দেহ করা হচ্ছে।
শনিবার বিবিসির টুডে অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্ওয়াফ সিকোরস্কি বলেন, ক্ষেপণাস্ত্রগুলোতে নিজস্ব গাইডেড সিস্টেম থাকে, তাই ইউক্রেনীয় ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কারণে গতিপথ ভুল করে পোল্যান্ডে চলে আসার সম্ভাবনা খুবই কম। ইউরোপে এই যুদ্ধ সরাসরি আঞ্চলিক নিরাপত্তাকে হুমকিতে ফেলছে উল্লেখ করে ওয়ারশ একে মস্কোর একটি ‘উস্কানি’ বলে অভিহিত করেছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি। ন্যাটো মহাসচিব মার্ক রুটে পোলিশ আকাশসীমার মারাত্মক লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সামরিক জোটটি তাৎক্ষণিকভাবে নিজেদের যুদ্ধবিমান আকাশে পাঠিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করা রাশিয়া অবশ্য পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় কোনো মন্তব্য করেনি।

























