ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা বাহরাইনের আল-রাফা ও আওয়ালি বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। বাহরাইন কর্তৃপক্ষ এই হামলার নিন্দা জানিয়ে জানিয়েছে, ইরানের এই হামলায় দেশটির একটি বেসামরিক শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং নতুন করে সম্ভাব্য হুমকির সতর্কতা জারি করেছে। জর্ডান এই হামলাকে বাহরাইনের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছে।
একই সময়ে আইআরজিসি দাবি করেছে, তারা হরমুজ প্রণালির ওপর দুটি পৃথক ঘটনায় যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার এবং এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরানের দাবি পূরণ হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। তবে তিনি ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
ইরান সংশ্লিষ্ট প্রাণনাশের হুমকির কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে বসবাস করছেন। ওয়াল স্ট্রিট জার্নালে তার বাড়ির ছবি প্রকাশের পর ইরান তার অবস্থান শনাক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির মার্কিন প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট।
অন্যদিকে, সৌদি আরবের মক্কা প্রদেশে বিপদ সংকেত জারির পর হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, মক্কার জন্য কোনো হুমকি নেই। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মন্তব্য করেছেন যে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা তৈরি করছে। তিনি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকার কথা জানিয়েছেন এবং ইরানকে ঘিরে আঞ্চলিক সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর সরাসরি উদ্যোগের ওপর জোর দিয়েছেন।


























