ভারতের রাজস্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের নয়জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রশাসনের তথ্যমতে, রাত ২টার দিকে শম্ভুপুরা গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের একটি পরিবারের ১৫ সদস্য ক্রুজার গাড়িতে করে খাতু শ্যামজির মন্দির পরিদর্শন শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালকের ঘুম চলে আসায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন উষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী। আহত ছয়জনকে দ্রুত উদ্ধার করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। সিটি পুলিশ সুপার তেজস্বিনী গৌতম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধারকাজে নেতৃত্ব দিয়েছেন।
অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশি নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরিবারের বেঁচে যাওয়া এক সদস্য জানান, তারা মোট ৩৬ জন আত্মীয়স্বজন তিনটি গাড়িতে করে খাতু শ্যাম থেকে মধ্যপ্রদেশের ধার এলাকার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি সবার সামনে ছিল এবং অন্য দুটি গাড়ি পেছনে থাকায় তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে যাত্রা শুরু করেছিলেন এবং পথে একটি হোটেলে বিরতিও নিয়েছিলেন। স্থানীয় প্রশাসন ঘটনার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

























