জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনার মাধ্যমে সংলাপ শুরু হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠেয় এই বৈঠকে এনসিপি’র ৪ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাতীয় সংসদে দেয়া বক্তব্যে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে পুনরায় একমঞ্চে আসার আহ্বান জানিয়েছিলেন। এই সংলাপে রাষ্ট্র পুনর্গঠন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য যাতে কোনোভাবেই বিনষ্ট না হয়, তা নিয়ে আলোচনা হবে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে জাতীয় ঐক্যের গুরুত্ব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান জানিয়েছেন, ধারাবাহিকভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
সংলাপ বিষয়ে এনসিপি’র সারোয়ার তুষার বলেন, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার। এদিকে, জামায়াতে ইসলামী, গণফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এবি পার্টির মতো দলগুলো জানিয়েছে, তারা এখনো আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পায়নি, তবে আমন্ত্রণ পেলে সংলাপে অংশ নেবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, আমন্ত্রণ পেলে সংলাপে অংশ নিয়ে তারা সরকারের দুর্বলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, জাতীয় স্বার্থে তারা যেকোনো ঐক্যের পক্ষে, তবে গণ-অভ্যুত্থানের পর কেন রাজনৈতিক বিভক্তি তৈরি হলো এবং বর্তমান সরকারের দায়বদ্ধতা কতটুকু, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন। এছাড়া বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান দেশের বাইরে থাকায় তার ফেরার পর জামায়াতের সঙ্গে সংলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।






















