তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। রবিবার সম্মেলনের প্রেসিডেন্ট ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। দুই সপ্তাহ ধরে চলা এই আলোচনার শেষে কোনো সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
সমাপনী অধিবেশনে মুরাত কুরুম হতাশা প্রকাশ করে বলেন, কিছু দেশ এই ঐতিহাসিক দায়িত্ব পালনে প্রয়োজনীয় প্রচেষ্টা ও নমনীয়তা দেখাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমরা প্রতিটি দেশের জাতীয় অগ্রাধিকার এবং পরিস্থিতির প্রতি শ্রদ্ধাশীল। তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ এই ইস্যুতে সব পক্ষের কাছ থেকে আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়েছিল।
কুরুম জানান, আলোচনার পুরো সময়জুড়ে তুরস্ক ঐকমত্যে পৌঁছানোর সব ধরনের চেষ্টা চালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু সংকট কোনো কূটনৈতিক মতপার্থক্যের জন্য অপেক্ষা করবে না। বিশ্ব এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগগুলো কারো অপেক্ষায় বসে নেই।
সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত না হলেও কুরুম কিছু অর্জনের কথা উল্লেখ করেন। তিনি সম্মেলনের অ্যাকশন এজেন্ডা, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং সহযোগিতামূলক উদ্যোগগুলোকে দীর্ঘমেয়াদী অর্জন হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, আমি এখানে যা ঘটেছে, অর্থাৎ আলোচনা স্থবির হয়ে পড়া এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলোকে পুরো বিশ্বের বিচার-বিবেচনার ওপর ছেড়ে দিচ্ছি।
সমাপনী হাতুড়ি পেটানোর আগে তিনি অংশগ্রহণকারী ১৯৬টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া এবং জাতিসংঘ সচিবালয়ের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই হাতুড়ির মাধ্যমে অধিবেশন শেষ হলেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে কপ৩১, সিএমপি২১ এবং সিএমএ৮ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।






















