রাজধানীর হাজারীবাগের বটতলা মাজার এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পারভীন আক্তার (৫০) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ঘটনায় ফাতেমা আক্তার ঊর্মি (২১) ও ফরিদা বেগম (৪০) নামে আরও দুজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ফরিদা বেগমকে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন এবং ফাতেমা আক্তার ঊর্মিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ফরিদা বেগমের ছেলে রুবেল জানান, হাজারীবাগের বটতলা মাজার এলাকার আটতলা একটি ভবনের দ্বিতীয় তলায় তার মা টিউশন করাতেন। রবিবার তিনি সেই বাসায় বেড়াতে গিয়েছিলেন। ঘটনার সময় পারভীন আক্তার রান্নাঘরে ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে পারভীন আক্তার ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার মা ফরিদা বেগম ও অন্য একজন দগ্ধ হন।
ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, হাজারীবাগ থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুজন এসেছিলেন। তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, বিস্ফোরণে ফরিদা বেগম নামে এক নারী গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন এবং তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
































