জাপানি ভাষা শেখা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশিদের জন্য জাপানে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকাস্থ জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ইকোনমিক কো-অপারেশনের প্রধান কারাসাওয়া শিনজু। রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে 'এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেড'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে কারাসাওয়া শিনজু বাংলাদেশের মানুষের প্রশংসা করে বলেন, এ দেশের মানুষ অত্যন্ত দয়ালু ও বন্ধুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে, যা তাদের ভবিষ্যতে উন্নতি করতে এবং জাপানে যাওয়ার প্রস্তুতি নিতে কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় একাডেমিটির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান প্রতিষ্ঠানটি চালু করতে পেরে আনন্দ প্রকাশ করেন। তিনি জানান, এই একাডেমির মাধ্যমে জাপানে দেশের জনশক্তি পাঠানোর পথ সুগম হবে। তিনি আরও বলেন, জাপানের নতুন সরকার বর্তমানে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাই জাপানে যেতে হলে ভাষা শিক্ষা ও টেকনিক্যাল বিষয়ে সমানভাবে কাজ করতে হবে।
ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আরও জানান, একাডেমিটিতে জাপানি ভাষার পাশাপাশি দেশটির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে এবং তা শিখতে শিক্ষার্থীদের সহায়তা করা হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে সম্পূর্ণ অলাভজনক (নন-প্রফিট) উদ্দেশ্যে একাডেমিটি প্রতিষ্ঠা করা হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি তরুণ-তরুণীদের উপযোগী করে তোলা এবং বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাই এর প্রধান লক্ষ্য।
আরিফুজ্জামান খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য দেন এসটি মিরাই জাপানিজ একাডেমির চেয়ারম্যান তামিকো মিজাই, পরিচালক কেনজি মিজাই, অকো টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি কাইয়ূম জামান খান এবং আইটিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন।




























