তৈরি পোশাক খাতের সব স্তরের শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির উদ্দেশ্যে মঙ্গলবার চতুর্থ বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বেলা ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকা নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে সোমবার এই সংক্রান্ত সভার নোটিশ জারি করা হয়। নোটিশে বোর্ডের সব সদস্যকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সভার জন্য দুটি বিষয় আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন করা।




























