দেশের তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামান। এছাড়া কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমানকে। অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হককে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এই নিয়োগ কার্যকর করা হয়েছে। নতুন উপাচার্যরা তাদের যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, নতুন উপাচার্যরা তাদের মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া তাদের বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিকভাবে অবস্থান করতে হবে। তবে জনস্বার্থে চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
































