ভারতের মোদি সরকারের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজিপি)। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে যে, যদি আন্দোলনকারীদের মুক্তি দেওয়া না হয়, তবে মঙ্গলবার থেকে তারা পুনরায় কঠোর আন্দোলন শুরু করবে।
এর আগে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিন ধরে চলা অবস্থান কর্মসূচি ‘সম্মানের খাতিরে’ তুলে নিয়েছিল অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন এই আন্দোলন। কিন্তু সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জীতেন্দ্র সিংকে উদ্দেশ্য করে লিখেছেন, আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশন না নেওয়ার যে চুক্তি হয়েছিল, তা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে।
আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, বিহার ও বাংলা থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দিল্লির লজিস্টিক সহযোগিতাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হেনস্তার একের পর এক খবর পাওয়া যাচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর প্রত্যাহার এবং শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে, দিল্লি পুলিশ বা কেন্দ্র ও বিজেপির মিত্র রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো এফআইআর দায়ের না করে, সেই নিশ্চয়তা চাওয়া হয়েছে। এছাড়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে হওয়া লিখিত সমঝোতা এবং তা বাস্তবায়নের সময়সূচি মঙ্গলবারের মধ্যে প্রকাশ করারও দাবি জানিয়েছে সিজেপি। অন্যথায় তারা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দিয়েছে।































