পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সোনার খনি কেনার পর ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক হিরে ব্যবসায়ী। ধীরু রমনি নামের ওই ব্যবসায়ীকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে বিপুল অংকের মুক্তিপণ আদায় করা হয়েছে। বর্তমানে তিনি মালিতেই অবস্থান করছেন এবং স্থানীয় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
গুজরাতের আম্রেলি জেলার বাসিন্দা ধীরু ১৯৮০-র দশক থেকে হিরে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। শুরুতে সুরাটে ব্যবসা করলেও পরবর্তী সময়ে তিনি সপরিবারে আমেরিকায় পাড়ি জমান। বর্তমানে তাঁর পরিবার আমেরিকাতেই হিরে ব্যবসার সঙ্গে জড়িত। কয়েক মাস আগে ব্যবসায়িক উদ্দেশ্যে মালিতে যান ধীরু এবং সেখানে একটি সোনার খনি ক্রয় করেন। খনি কেনার পর সম্প্রতি তিনি মালিতেই বসবাস শুরু করেছিলেন।
গত এপ্রিলে অপহরণকারীরা ধীরুকে বন্দি করে। অপহরণের পর তারা আমেরিকায় থাকা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে ৯১ লাখ ইউরো দাবি করে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকার সমান। পরিবারের সদস্যরা অপহরণকারীদের সঙ্গে দীর্ঘ দর কষাকষি করেন। অবশেষে মুক্তিপণের অংক কমিয়ে ৪০ লাখ ইউরোতে (প্রায় ৪৪ কোটি টাকা) নিয়ে আসা হয়।
গত সপ্তাহে মুক্তিপণের টাকা পরিশোধ করার পর দীর্ঘ তিন মাস বন্দি থাকার পর মুক্তি পান ধীরু। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি মালিতেই রয়েছেন। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ অপহরণের বিস্তারিত বিবরণ জানতে ব্যবসায়ীর বয়ান রেকর্ড করছে।































