বলিউডের তারকা ও সংসদ সদস্য কঙ্গনা রানাউতের সাম্প্রতিক এক বিস্ফোরক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জেন-জি প্রজন্ম এবং আন্দোলনকারী ছাত্রীদের নিয়ে কঙ্গনার মন্তব্যের পর বিষয়টি নিয়ে চারদিকে শোরগোল পড়ে গেছে। কঙ্গনা তরুণীদের রিলস ও বিক্ষোভকে ‘বমি আনার মতো কুৎসিত’ বলে অভিহিত করেছেন। এখানেই থেমে থাকেননি তিনি; আন্দোলনকারী নারীদের ‘জেনারেশন গাটার’ আখ্যা দেওয়ার পাশাপাশি তাদের ঐতিহ্যগত মূল্যবোধের অভাব রয়েছে এবং তারা গৃহিণী হওয়ার যোগ্যতাও হারিয়েছেন বলে মন্তব্য করেন।
কঙ্গনার এই বিষোদ্গার মন্তব্যের পর বিনোদন জগতে শুরু হয় তুমুল বিতর্ক। আর সেই আগুনে ঘি ঢাললেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। এক ভিডিও বার্তায় রাখি সরাসরি কঙ্গনাকে ‘ডাইনি’ বলে সম্বোধন করেন এবং তাকে ‘ফাউল মাউথ’ বা কদর্য মুখের অধিকারী বলে তোপ দাগেন। রাখির এই বেলাগাম আক্রমণ দেখে নেটিজেনরা অবাক হয়েছেন।
রাখি সাওয়ান্ত তার ভিডিওতে কঙ্গনার বিমানবন্দরের চড় খাওয়ার প্রসঙ্গটিও টেনে আনেন। তিনি দাবি করেন, কড়া নিরাপত্তাবেষ্টনী আছে বলেই কঙ্গনা এত বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছেন। কঙ্গনার উদ্দেশে রাখির চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে নিরাপত্তাহীনভাবে একা ঘুরে বেড়ানোর সাহস দেখান। তখন সাধারণ মানুষের মুখোমুখি হলে তিনি দেশের তরুণ প্রজন্মের আসল শক্তির পরিচয় পাবেন।
রাখি আরও প্রশ্ন তোলেন যে, সংসদ সদস্য হিসেবে দেশের মেয়েদের ছোট করার অধিকার কঙ্গনাকে কে দিয়েছে। নিজের অতীতের দিকে না তাকিয়ে দেশের মেয়েদের অপমান করার যোগ্যতা কঙ্গনার নেই বলেও মন্তব্য করেন রাখি। দুই তারকার এই কাদা ছোড়াছুড়ির পর এখন কঙ্গনার পক্ষ থেকে কোনো পাল্টা জবাব আসে কি না, সেদিকেই নজর রয়েছে পুরো বিনোদন পাড়ার।





























