বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চিংফেং ঝাং। বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি ঢাকায় আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। এই নিয়োগের মাধ্যমে তিনি বাংলাদেশে এডিবির কার্যক্রম পরিচালনার নেতৃত্ব দেবেন, যা এই আন্তর্জাতিক সংস্থাটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কর্মসূচি।
নতুন এই দায়িত্ব সম্পর্কে চিংফেং ঝাং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ সময়ে কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করতে পারা তার জন্য অত্যন্ত গৌরবের। গত কয়েক দশকে বাংলাদেশ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে যে অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে, তার প্রশংসা করে তিনি বলেন, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ।
চিংফেং ঝাং তার দীর্ঘ ৩০ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতায় কৃষি, খাদ্য ব্যবস্থা, পানিসম্পদ, পরিবেশ এবং গ্রামীণ উন্নয়ন খাতে কৌশলগত উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন। এডিবিতে তার ২০ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বিভিন্ন রূপান্তরমূলক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান নিয়োগের আগে তিনি এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টর অফিসের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী চীনের নাগরিক চিংফেং ঝাং চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশলে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া সিচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে পানিসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং হাইড্রোলজিতে স্নাতক ডিগ্রি রয়েছে তার। পেশাগত দক্ষতা অর্জনে তিনি হার্ভার্ড বিজনেস স্কুলেও পড়াশোনা করেছেন।
উল্লেখ্য, ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্যপদ লাভ করে। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় এডিবি এখন পর্যন্ত প্রায় ৪৩ বিলিয়ন ডলারের ঋণ ও অনুদান অনুমোদন করেছে। ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে এডিবির চলমান সরকারি ও বেসরকারি খাতের প্রকল্পগুলোতে প্রায় ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারের অর্থায়ন রয়েছে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির সদস্য দেশের সংখ্যা ৬৯, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
































