আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জুলাই মাসে কার্যকর থাকা মূল্যহারই আগস্ট মাসে বহাল থাকবে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। এই মূল্যহার ১ আগস্ট থেকে কার্যকর হবে।
তবে সাধারণ জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকলেও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা। জুলাই মাসে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ১০৯ টাকা ১০ পয়সা। অর্থাৎ, আগস্টে ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৭১ পয়সা কমানো হয়েছে এবং এই নতুন দর বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হয়েছে।






























