কাতারের রাজধানী দোহার অর্থ মন্ত্রণালয়ের সদর দপ্তরে দেশটির অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারির সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি ড. খলিল রহমান। বৈঠকে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল দুই দেশের মধ্যে বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা, বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করা এবং অর্থায়ন সুবিধা সম্প্রসারণের উপায়। উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন। বিশেষ করে, আগামীতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন কেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম এবং সেখানে যৌথভাবে কাজ করার বিষয়ে তারা নিজেদের অভিমত তুলে ধরেন।
বৈঠক শেষে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল রহমান কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
সূত্র: গালফ বাংলা






























