জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিন উদযাপিত হয়েছে। ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’-এর উদ্যোগে শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের মূল্যায়নের পাশাপাশি প্রামাণ্যচিত্র প্রদর্শন, কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি। তিনি বলেন, কবি মোহন রায়হানের দীর্ঘায়ু কামনা করি। তার মতো কবি এ দেশের জন্য প্রয়োজন। তিনি আরও কবিতা লিখে দেশের সাহিত্যাঙ্গনে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’-এর আহ্বায়ক ও লেখক-গবেষক ড. সলিমুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ, কবি মতিন বৈরাগী, সাংবাদিক আবু সাইদ খান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
ড. সলিমুল্লাহ খান বলেন, মোহন রায়হানের জীবন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই আয়োজনের উদ্দেশ্য হলো কবির সৃজন ও সংগ্রামের মূল্যায়ন করা এবং তার জীবনাদর্শ ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কবিরা না থাকলে পৃথিবী বাসযোগ্য হতো না। কবি মোহন রায়হান সমাজ বিনির্মাণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের শুরু হয় তরুণ সংগীতশিল্পীদের উদ্বোধনী সংগীতের মাধ্যমে। এরপর কবির জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অগ্নিপথের কবি’ প্রদর্শিত হয়। একই সঙ্গে তার সংবর্ধনা গ্রন্থ এবং ‘নির্বাচিত ১০০ কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নৃত্যনাট্য, গান ও আবৃত্তির পরিবেশনা ছিল।
































