ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনের অংশ হিসেবে একটি নতুন এসএমই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যা খুব দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের কোনো বিকল্প নেই। তিনি দেশের তরুণদের উদ্দেশে আহ্বান জানান, বছরের পর বছর চাকরির পেছনে না ছুটে নিজেদের চাকরিদাতা হিসেবে গড়ে তোলার জন্য।
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রয় এবং বাজার সম্প্রসারণের সুযোগ করে দিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ভিন্ন বিভাগে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারের বিভাগগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় ৩৮০ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।























