দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ভিয়েতনামের একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। 'খোই নগুয়েন ১৮' (Khoi Nguyen 18) নামের ওই জাহাজে থাকা ৬২ জনের মধ্যে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও ১৭ জন নাবিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ভিয়েতনাম, ফিলিপাইন ও চীনের উদ্ধারকারীরা যৌথভাবে একটি বহুজাতিক অনুসন্ধান অভিযান শুরু করেছে।
ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাম থু হাং জানিয়েছেন, জাহাজটি "পূর্ব সাগরে (দক্ষিণ চীন সাগর) বৈরী আবহাওয়ার মধ্যে চলাচল করার সময় ডুবে যায়।" শনিবার গভীর রাতে বিতর্কিত স্প্রাটলি দ্বীপপুঞ্জের চীনা-নিয়ন্ত্রিত ফিয়ারি ক্রস রিফের কাছে এই দুর্ঘটনা ঘটে। কৃত্রিমভাবে তৈরি এই দ্বীপটিকে চীন একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। দুর্ঘটনার পর নিখোঁজ নাবিকদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং স্থানীয় মাছ ধরার নৌকাগুলোও উদ্ধারকাজে যোগ দিয়েছে।
নিখোঁজদের সন্ধানে ফিলিপাইন তাদের একটি টহল জাহাজ ও একটি বিমান মোতায়েন করেছে। ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব জানান, ভিয়েতনামের অনুরোধ পাওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছেন। নিখোঁজদের খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়াতে তারা একটি আধুনিক সার্চ প্ল্যানিং সিস্টেম ব্যবহার করছেন এবং ওই এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে সতর্ক থাকার ও প্রয়োজনে সহায়তার অনুরোধ জানিয়ে নৌ-সতর্কতা জারি করেছেন। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে তারা ভিয়েতনামের কোস্ট গার্ডের সাথে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করছেন। এই পুরো অভিযানটি আন্তর্জাতিক সামুদ্রিক চুক্তি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার অধীনে পরিচালিত হচ্ছে।
চীনের উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টারও এই অভিযানে যোগ দিয়েছে। দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে তারা বাকি নিখোঁজ নাবিকদের উদ্ধার না হওয়া পর্যন্ত এই তল্লাশি অভিযান অব্যাহত রাখার আশা প্রকাশ করেছে। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশই নিজেদের দাবি করে বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে বেশ আগ্রাসী অবস্থান নিয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতি বছর প্রায় ৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বাণিজ্য পরিচালিত হয় এবং এর তলদেশে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। চীন ও ফিলিপাইন ছাড়াও ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ানের এই অঞ্চলে ওভারল্যাপিং বা পারস্পরিক দাবি রয়েছে।



























