আধুনিক আর্থিক ব্যবস্থাপনা এবং গ্রাহকদের উন্নত সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে মধ্যপ্রাচ্যের মর্যাদাপূর্ণ ‘ট্যাব গ্লোবাল মিডল ইস্ট অ্যাওয়ার্ডস ২০২৬’ আসরে কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক বা ‘বেস্ট ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যাংক ইন কাতার’ হিসেবে ভূষিত হয়েছে দ্য কমার্শিয়াল ব্যাংক। সম্পদ ব্যবস্থাপনা খাতে ব্যাংকের শক্তিশালী অবস্থান এবং গ্রাহকদের জন্য বিশেষায়িত পরামর্শভিত্তিক বিনিয়োগ সেবা এই আন্তর্জাতিক সম্মাননা অর্জনে সহায়তা করেছে।
গত চার বছরে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং উদ্ভাবনী পণ্য ব্যবহারের মাধ্যমে ব্যাংকটি তাদের সম্পদ ব্যবস্থাপনা ব্যবসাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এর ফলে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে গ্রাহকরা বিভিন্ন খাতে বিনিয়োগের ক্ষেত্রে আরও সহজ ও কার্যকর সুযোগ পাচ্ছেন। ব্যাংকের এই ধারাবাহিক অগ্রগতি এবং গ্রাহকবান্ধব সেবার কারণেই তারা এই স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে ব্যাংকের গ্রুপ প্রধান নির্বাহী (GCEO) স্টিফেন মস বলেন, গ্রাহকদের বিশ্বাস, দক্ষতা এবং তাদের ব্যক্তিগত চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যে সেবা প্রদান করে আসছি, এই পুরস্কার তারই প্রতিফলন। গ্রাহকদের সম্পদ সুরক্ষা ও তা বৃদ্ধিতে আধুনিক ও মানসম্মত সুযোগ তৈরিতে ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এই অর্জন ভবিষ্যতে ব্যাংকের কাজের মান আরও উন্নত করতে অনুপ্রেরণা যোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: গালফ বাংলা






























