দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশের তপশিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। এটি বর্তমানে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য প্রকাশ করেন। ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে খেলাপি ঋণের এই চিত্র ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। ২০২২ সালে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ ১৭ হাজার ৬৮৮ কোটি ৭৬ লাখ টাকা, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকা এবং হার ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।
পরবর্তীতে ২০২৪ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। সেই সময় খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ। সর্বশেষ ২০২৫ সালে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ বেড়ে হয় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকায় পৌঁছায়, যা মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ।





























