ইসরায়েলি সংবাদপত্র মারিভ-এর সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, গাজায় চলমান যুদ্ধের তিন বছরেরও কম সময়ে ইসরায়েলি সেনাবাহিনী যে পরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে, তা তাদের আগের তিন দশকের ব্যবহারের সমান। এই পরিসংখ্যান দেশটির সামরিক বাহিনী, সরঞ্জাম এবং আর্থিক অবস্থার ওপর সৃষ্ট ক্রমবর্ধমান চাপের একটি চিত্র তুলে ধরেছে।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, গত তিন বছরে ইসরায়েলি বিমানবাহিনীর কার্যক্রম স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় নয় বছরের সমপরিমাণ। পাশাপাশি, বিপুল সংখ্যক ট্যাংক এবং সাঁজোয়া যানের ইঞ্জিন অকেজো হয়ে পড়ায় সেগুলোর ব্যাপক রক্ষণাবেক্ষণ বা প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দিয়েছে।
সামরিক সরঞ্জামের ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হলেও, জনবলের ওপর তৈরি হওয়া প্রভাব কাটিয়ে ওঠা অনেক বেশি কঠিন বলে মনে করছে মারিভ। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক সেনা সদস্য তাদের দায়িত্ব থেকে সরে আসছেন বা সামরিক চাকরি ছেড়ে দিচ্ছেন।
যুদ্ধের ভয়াবহ মানসিক চাপের কারণে সামরিক বাহিনীর মধ্যে আত্মহত্যার ঘটনাও বাড়ছে। ৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত মোট ৬৭ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন, যার মধ্যে ১৭ জনই মারা গেছেন ২০২৬ সালের জানুয়ারি থেকে।
বর্তমানে সেনাবাহিনী প্রতিদিন গড়ে ৫৩ হাজার রিজার্ভ সেনাকে সক্রিয় দায়িত্বে রাখছে। তবে মারিভ সতর্ক করেছে যে, আর্থিক ও জনবলের ওপর এই ভারী চাপের কারণে ভবিষ্যতে ইসরায়েলি বাহিনীকে তাদের মোতায়েনের পরিধি কমাতে বাধ্য হতে হবে।






























