দুবাই সিভিল কোর্ট এক ডেলিভারি সেবাদানকারী প্রতিষ্ঠানকে ১ লাখ ৭২ হাজার ৯৮৫ দিরহাম পরিশোধের নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মীর জরুরি চিকিৎসার খরচ হিসেবে এই অর্থ প্রদানের আদেশ দেওয়া হয়। ওই কর্মী মৃগী রোগে আক্রান্ত হয়ে জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ভর্তির সময় তার কোনো স্বাস্থ্য বিমা ছিল না। আদালত বিমা কোম্পানি, ওই কর্মী এবং চিকিৎসার খরচ বহনের অঙ্গীকার করা ব্যক্তিকে এই দায় থেকে অব্যাহতি দিয়েছে।
ঘটনার সূত্রপাত হয় ২০২৫ সালের মার্চ মাসে, যখন ডেলিভারি কর্মী গুরুতর মৃগী রোগ এবং চেতনার অসংলগ্নতা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। টানা ২২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার চিকিৎসার মোট বিল দাঁড়ায় ১ লাখ ৭২ হাজার ৯৮৫ দিরহাম। পাওনা অর্থ আদায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ওই কর্মী, তার চিকিৎসার খরচ বহনের অঙ্গীকারকারী এক ব্যক্তি এবং সংশ্লিষ্ট ডেলিভারি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলার শুনানিতে ডেলিভারি কোম্পানির মালিক দাবি করেন যে, ওই কর্মী স্বাস্থ্য বিমার আওতাভুক্ত ছিলেন। আদালত বিষয়টি যাচাইয়ের জন্য বিমা কোম্পানিকে মামলায় অন্তর্ভুক্ত করে। একজন বিমা বিশেষজ্ঞের পর্যালোচনায় দেখা যায়, কর্মী যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখন কোম্পানির যে গ্রুপ বিমা পলিসি কার্যকর ছিল, তাতে ওই কর্মীর নাম অন্তর্ভুক্ত ছিল না। তার নাম নতুন পলিসিতে যুক্ত করা হয় ২০২৫ সালের ডিসেম্বর মাসে, যা ছিল ওই ঘটনার অনেক পরের ঘটনা।
আদালত তার রায়ে উল্লেখ করে যে, দুবাইয়ের স্বাস্থ্য বিমা আইন অনুযায়ী, কোনো কর্মীর স্বাস্থ্য বিমা না থাকলে জরুরি অবস্থায় তার চিকিৎসার ব্যয়ভার বহন করা নিয়োগকর্তার আইনি বাধ্যবাধকতা। রোগীর জীবন বিপদমুক্ত না হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করতে হবে। এই আইনি কাঠামোর ভিত্তিতে আদালত কোম্পানিটিকে ১ লাখ ৭২ হাজার ৯৮৫ দিরহাম পরিশোধের নির্দেশ দেয়। পাশাপাশি মামলা দায়েরের তারিখ থেকে পূর্ণ অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত বার্ষিক ৫ শতাংশ হারে সুদ এবং মামলার যাবতীয় খরচ ও আইনজীবীর ফি প্রদানের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া বিমা কোম্পানির বিরুদ্ধে দায়ের করা মামলাটি আইনগত ভিত্তি না থাকায় আদালত তা খারিজ করে দিয়েছে।
সূত্র: গালফ টুডে































