পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের মধ্যে মাদ্রাসা প্রাঙ্গণের খানকাহ শরিফ থেকে আনুষ্ঠানিকভাবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা যাত্রা শুরু করে।
জুলুসটি মুরাদপুর এলাকা অতিক্রম করার সময় ভক্ত-অনুরাগীদের ধর্মীয় স্লোগান ও কালেমায় চারপাশ মুখরিত হয়ে ওঠে। চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা ও উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখ লাখ মুসল্লি এই বিশাল আয়োজনে অংশগ্রহণ করেন।
জশনে জুলুসের নেতৃত্ব দেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাদজাল্লাহু আলি)। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব শাহ। এসময় ট্রাস্টের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি এবং আলেম-ওলামারাও জুলুসে অংশ নেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ৯:৩০ মিনিটে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা শরিফ থেকে জশনে জুলুসের সূচনা হয়। শোভাযাত্রাটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাইগারপাস মোড়ে পৌঁছায় এবং পরবর্তীতে একই পথে ফিরে ষোলশহরের জুলুস ময়দানে গিয়ে শেষ হয়।




























