কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে প্রমোদতরি ডুবে নিখোঁজ হওয়া নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২৬ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উদ্ধারকারী দল সাগরে তল্লাশি চালিয়ে তার মরদেহ খুঁজে পায়। এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে নিউজিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী ‘আইল্যান্ড গার্ল’ নামের প্রমোদতরিটি ভেঙে দুই টুকরো হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জেলে ও বাসিন্দাদের সহায়তায় আলবার্টের বাবা ৭৪ বছর বয়সী জন এডওয়ার্ড পুদনে, মা ৩৬ বছর বয়সী বেলা এবং ১৩ বছর বয়সী ভাই রালফকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে কিশোর আলবার্ট নিখোঁজ ছিল। তাকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সমন্বয়ে তল্লাশি অভিযান শুরু হয়। পরবর্তীতে মঙ্গলবার রাতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও একটি দ্রুতগামী বোট উদ্ধার অভিযানে যুক্ত হয়। স্থানীয় জেলেরা তাদের নিজস্ব নৌকা নিয়ে নিখোঁজ কিশোরের সন্ধানে সহায়তা করেন। দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টা প্রচেষ্টার পর বুধবার বিকালে আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহটি আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কাজ চলছে।
জানা গেছে, প্রায় দুই বছর আগে নির্মিত ‘আইল্যান্ড গার্ল’ বোটটিতে বসবাসের উপযোগী সব ধরনের সুবিধা ছিল। পরিবারটি প্রায় আড়াই বছর ধরে এই বোটটিতে করে দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় অঞ্চলে ভ্রমণ করছিল। মঙ্গলবার সকালে মহেশখালী চ্যানেলের মোহনা পেরিয়ে সাগরে প্রবেশের পরপরই বোটটি প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ভেঙে যায় এবং পরিবারের চার সদস্য সাগরে পড়ে যান।
সূত্র: মানবজমিন






























