মাগুরা শহরের ভায়না মাইক্রোস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। অভিযুক্ত নাঈমুজ্জামান নয়ন মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এবং সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি। শুক্রবার বিকেলে ঘটা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন জানান, ঘটনার সময় পুলিশ লাইনে কর্মরত মো. ইমরান হোসেনের সঙ্গে নয়নের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নয়ন ওই পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারেন এবং পুরো বিষয়টি ভিডিও ধারণ করেন। এ নিয়ে পুলিশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ স্থানীয় নেতৃবৃন্দ সদর থানায় উপস্থিত হন। সেখানে ভুল বোঝাবুঝির কথা বলে নয়ন ওই পুলিশ সদস্যের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করেন। উল্লেখ্য, অভিযুক্ত নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ































