লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ পুলিশে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। অবৈধ অস্ত্রের সন্ধান বা তথ্য প্রদানকারীদের উৎসাহিত করতে ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তিনি এই ঘোষণা দেন। গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর দাবি জানানো হলে, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতির দিকে যাচ্ছে এবং এ লক্ষ্যে পুলিশকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ




























