ইরান ও কাতারের মধ্যকার চলমান দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।
বৈঠকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক আগ্রাসনের ফলে সৃষ্ট আঞ্চলিক অস্থিরতা নিরসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ জানিয়েছেন, এই উত্তেজনা প্রশমনে কাতার যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, তা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আঞ্চলিক উত্তেজনা কমিয়ে সংলাপের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টায় দুই দেশ একমত হয়েছে।
আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল হরমুজ প্রণালিতে যৌথ নৌ-চলাচল করিডর প্রতিষ্ঠার প্রস্তাবিত কাঠামো। আল থানি ও আরাগচি এই করিডর তৈরির ধাপভিত্তিক রূপরেখা নিয়ে পর্যালোচনা করেছেন। এ সময় কাতারের প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আন্তর্জাতিক নৌপথে নির্বিঘ্ন চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সূত্র: গালফ বাংলা





























