ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির তথ্য অনুযায়ী, গত ছয় মাসে বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার সময় এই তথ্য জানানো হয়।
কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, উল্লিখিত সময়ে দেশে কোনো ধরনের রাজনৈতিক নিপীড়নের ঘটনাও ঘটেনি। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত ছিল।
বৈঠকে মিরাজ শেখের অপহরণের ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। কমিটির সদস্যদের মতে, এই ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের ‘ব্লেম গেম’ বা দোষারোপের রাজনীতি থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
কমিটির বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিলটি পরীক্ষাপূর্বক রিপোর্ট দেওয়ার পর তা সংসদে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে এ ধরনের বিল প্রণয়ন ও উত্থাপনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে কমিটি।
বৈঠকের একপর্যায়ে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ প্রসঙ্গে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, সদস্যদের মতামত বা সংশোধনী তুলে ধরার পূর্ণ সুযোগ রয়েছে এবং বিরোধিতা করা তাদের দায়িত্বের অংশ। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির পরিপন্থী।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




























