ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে সাত ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজ এলাকায় এই সংঘাতের সূত্রপাত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারী আব্দুল মান্নান মাতুব্বর এবং সালথা উপজেলার খাড়দিয়া গ্রামের বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে শনিবার (২৯ আগস্ট) ময়েনদিয়া বাজারে জিহাদ গ্রুপের সোলায়মান মাতুব্বরের ওপর হামলার ঘটনা ঘটে। সোলায়মানকে উদ্ধার করতে গিয়ে মুশফিক বিল্লাহ জিহাদ নিজেও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, এই হামলায় সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর এবং নটখোলা গ্রামের তারা মিয়ার লোকজন জড়িত ছিলেন।
শনিবারের ওই ঘটনার রেশ ধরে রোববার বিকেলে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন খাড়দিয়া গ্রামের হুমায়ন খাঁ, রফিক মোল্যা ও ইলিয়াস কাজীর নেতৃত্বে এক পক্ষের লোকজন মান্নান মাতুব্বর গ্রুপের মুখোমুখি হলে ধুলজোড়া ব্রিজ এলাকায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষটি পরে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে পরমেশ্বরদী গ্রামের কবির মোল্যা, কামরুল মোল্যা ও লোকমান মোল্যাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শাওন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। এদিকে, সংঘর্ষে নেতৃত্বদানকারী উভয় পক্ষের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





























