ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে বড় ধরনের ধাক্কা খেলো এএস রোমা। ক্লাবটি তাদের আক্রমণভাগ শক্তিশালী করার জন্য কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির অধীনে একজন নতুন উইঙ্গার খুঁজছিল। এই লক্ষ্যে তারা ভিএফবি স্টুটগার্টের ফরোয়ার্ড লেভেলিংকে দলে ভেড়াতে ৩৫ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো বোনাসের একটি প্রস্তাব প্রস্তুত করেছিল। তবে লেভেলিং স্টুটগার্টেই থাকার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন এবং রোমার এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
লেভেলিং কেবল রোমা নয়, একই ধরনের শর্তে এভারটনের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। ট্রান্সফার মার্কেটের শেষ কয়েক ঘণ্টায় রোমা এখন তাদের মনোযোগ সরিয়ে নিচ্ছে অন্য খেলোয়াড়দের দিকে। তারা জেনিত সেন্ট পিটার্সবার্গের লুইজ হেনরিকে পাওয়ার জন্য একই অর্থাৎ ৩৫ মিলিয়ন ইউরো ও ৫ মিলিয়ন ইউরো বোনাসের নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে।
এর আগে রোমার তালিকায় বেশ কিছু নাম থাকলেও তা থেকে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের জ্যঁ-ম্যাটিও বাহোয়ার মতো নামগুলো বাদ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে রোমা চেলসির বাইনো-গিটেন্সকে দলে ভেড়ানোর সম্ভাবনা নিয়েও কাজ চালিয়ে যাচ্ছে।
























