চলতি সেপ্টেম্বর মাসে দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে জানানো হয়েছে, এ মাসে দেশের ওপর দিয়ে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে মৃদু তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহের ক্ষেত্রে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের বিভিন্ন এলাকায় ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।
সামুদ্রিক পরিস্থিতির বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সেপ্টেম্বর মাসে এক থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নদ-নদীর স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।




























