ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এক ঐতিহাসিক রাতের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। রায়ো ভায়েকানোর বিপক্ষে ৫-২ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের মূল কারিগর ছিলেন তরুণ তুর্কি ল্যামিন ইয়ামাল এবং ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া, যারা দুজনেই জোড়া গোল করেছেন। ম্যাচে রায়ো ভায়েকানোর ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজেউনের আত্মঘাতী গোল বার্সার ব্যবধান আরও বাড়িয়ে দেয়। যদিও ম্যাচের ১২তম মিনিটে সের্হিও ক্যামেলোর গোলে রায়ো এগিয়ে গিয়েছিল, কিন্তু দুই মিনিটের ব্যবধানে ১৯তম মিনিটে রাফিনিয়া এবং ২১তম মিনিটে ইয়ামালের গোলে বার্সেলোনা ম্যাচে ফিরে আসে। রায়োর হয়ে দ্বিতীয় গোলটিও করেন ক্যামেলো।
এই জয়ের মাধ্যমে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে হান্সি ফ্লিকের শিষ্যরা, যারা শেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১২টি গোল দিয়েছে। এই ম্যাচেই ক্যারিয়ারের ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ল্যামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে এই রেকর্ড গড়ে তিনি ভেঙেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেস (১৯ বছর ২৪৯ দিন) এবং ফার্নান্দো তোরেসের (২০ বছর ২২১ দিন) রেকর্ড।
বার্সেলোনার ইতিহাসের পাতায় এটি এক নতুন অধ্যায়। ১৯৩৫ সালে ২০ বছর ৩৫৬ দিন বয়সে ৫০ গোল করে ৯০ বছর ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন প্রয়াত ফরোয়ার্ড জোসেফ এসকোলা। ইয়ামাল সেই দীর্ঘদিনের রেকর্ড নিজের করে নিলেন। এমনকি লিওনেল মেসিও ২১ বছর ১২০ দিন বয়সে এই মাইলফলকে পৌঁছেছিলেন। ইউরোপের সেরা পাঁচ লিগের হিসেবে কিলিয়ান এমবাপ্পে (১৯ বছর ২৪১ দিন) ও আর্লিং হাল্যান্ডকেও (২০ বছর ১৯৬ দিন) পেছনে ফেলেছেন এই স্প্যানিশ সেনসেশন। এখন পর্যন্ত বার্সার জার্সিতে ১৫৪ ম্যাচে মাঠে নেমে ১২৬ বার শুরুর একাদশে থাকা ইয়ামাল ৫১টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪৫টি গোল।
ম্যাচের ১২তম মিনিটে সের্হিও ক্যামেলোর দারুণ লক্ষ্যভেদে বার্সাকে চমকে দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।
১৯তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান রাফনিয়া, আর ২১তম মিনিটে ব্যবধান ২-১ করেন ইয়ামাল।






























