এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন করে প্রাণ হারানো পাঁচজনের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। এই পাঁচজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১০৭ জনের মধ্যে ৫৯ জন নারী, যা মোট মৃত্যুর ৫৫ দশমিক ১ শতাংশ। এছাড়া মৃতদের মধ্যে ৪৮ জন পুরুষ, যা মোট মৃত্যুর ৪৪ দশমিক ৯ শতাংশ। বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, খুলনায় ১৮ জন, ময়মনসিংহে ১২ জন, বরিশালে ১০ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে চারজন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৭৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ২৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ জন।
































