যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত এক যুগান্তকারী রায়ে জানিয়েছে, মার্কিন সংবিধান নাগরিকদের নিরাপদ খাবার পানি পাওয়ার কোনো নিশ্চয়তা প্রদান করে না। গত ৪ সেপ্টেম্বর দেওয়া এই রায়ের মাধ্যমে মিসিসিপির জ্যাকসন শহরের বাসিন্দাদের করা একটি মামলা খারিজ করে দিয়েছে পঞ্চম সার্কিট কোর্ট অব আপিলস।
এর আগে ২০২২ সালে জ্যাকসন শহরের চার বাসিন্দা—প্রিসিলা স্টার্লিং, রেইন বেকার, শন মিলার এবং জন বেনেট—শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। তাদের অভিযোগ ছিল, কর্তৃপক্ষ জেনেশুনে বাসিন্দাদের অনিরাপদ পানি পান করতে দিয়েছে। তারা দাবি করেছিলেন যে, দূষিত পানি সরবরাহ করে কর্তৃপক্ষ সংবিধানের ১৪তম সংশোধনীর অধীনে তাদের শারীরিক অখণ্ডতার অধিকার বা 'বডিলি ইন্টিগ্রিটি' লঙ্ঘন করেছে।
তবে আদালতের সংখ্যাগরিষ্ঠের রায়ে বিচারক কার্ট এঙ্গেলহার্ট উল্লেখ করেছেন, যদিও নিরাপদ পানি থেকে বঞ্চিত হওয়া একটি 'দুঃখজনক' বিষয়, তবুও এটি কোনো 'গভীরভাবে প্রোথিত সাংবিধানিক অধিকার' লঙ্ঘন করে না। বিচারক তার পর্যবেক্ষণে বলেন, 'আমরা সন্দিহান যে সীসাযুক্ত পানির কারণে ক্ষতির শিকার না হওয়াটা শারীরিক অখণ্ডতার অধিকারের মধ্যে পড়ে কি না, এবং বাদীপক্ষ আমাদের এমন কোনো ঐতিহাসিক ঐতিহ্য বা সুপ্রিম কোর্টের নজির দেখাতে পারেনি যা আমাদের আশ্বস্ত করতে পারে।'
মামলাটি মূলত ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে মিসিসিপি স্টেট হেলথ ডিপার্টমেন্টের করা পরীক্ষার ওপর ভিত্তি করে দায়ের করা হয়েছিল, যেখানে শহরের পানিতে সীসার মাত্রা বৃদ্ধির প্রমাণ পাওয়া যায়। বাদীপক্ষের অভিযোগ, শহর কর্তৃপক্ষ সীসার প্রবেশ রোধে যথাযথ পদক্ষেপ নেয়নি এবং বাসিন্দাদের পানি নিরাপদ বলে মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করেছে।
বিচারক এঙ্গেলহার্ট আরও বলেন, জনস্বাস্থ্য সংকটের সময় কর্মকর্তাদের কাছ থেকে 'সত্যিকারের তথ্য' পাওয়ার কোনো সাংবিধানিক অধিকারও নেই। তার মতে, সরকারি অব্যবস্থাপনার কারণে সীসার সংস্পর্শে আসা বিষয়টি জোরপূর্বক অস্ত্রোপচার, অনিচ্ছাকৃত চিকিৎসাসেবা বা আক্রমণের মতো শারীরিক অখণ্ডতা লঙ্ঘনের উদাহরণগুলোর চেয়ে 'সম্পূর্ণ ভিন্ন'।
আদালত স্পষ্ট করেছে যে, সব সরকারি ভুলত্রুটির প্রতিকার সংবিধানের মাধ্যমে পাওয়া সম্ভব নয়। বিচারক পরামর্শ দিয়েছেন, বাসিন্দারা চাইলে ভালো প্রতিনিধি নির্বাচন বা সরকারের কাছে আবেদনের মতো অন্যান্য আইনি পথের সন্ধান করতে পারেন। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের সংবিধানে নিরাপদ পানির অধিকারের উল্লেখ না থাকলেও ক্যালিফোর্নিয়া ও ভার্জিনিয়ার মতো বেশ কয়েকটি অঙ্গরাজ্যের নিজস্ব আইনে নিরাপদ পানির সুবিধা সুরক্ষিত রয়েছে।



























