ব্যবসায়ীদের কোনো ধরনের হয়রানি বা অসুবিধা না করে একটি স্বস্তিদায়ক পরিবেশে রাজস্ব আদায়ের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যবসায়িক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি করে কর আরোপ বা রাজস্ব আদায় করা হবে না।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে ব্যবসায়ী প্রতিনিধি ও এনবিআর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। দেশের অর্থনীতি ব্যবসায়ীদের দেওয়া করের ওপর অনেকাংশে নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করে হয়রানিমুক্ত পরিবেশে রাজস্ব আদায় করাই সরকারের মূল উদ্দেশ্য।
ভ্যাট রিটার্ন দাখিলের প্রক্রিয়া মাসিকের পরিবর্তে এক মাস পরপর করার ব্যবস্থা পুনরায় চালু করার বিষয়ে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে অনিষ্পন্ন রাজস্ব মামলা ও বিভিন্ন জটিল ইস্যুর দ্রুত সমাধানের চেষ্টা চলছে। করদাতাদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একটি সুষ্ঠু ও কার্যকর করব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ভ্যাট আদায় ২২ শতাংশ কমে যাওয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী সেই প্রশ্নটির সরাসরি কোনো উত্তর দেননি। তবে জুলাই মাসের রাজস্ব আদায় এবং টানা কয়েক মাসের ভ্যাট রিটার্ন নিয়ে তৈরি হওয়া জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয় নিয়ে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।






























