লালমনিরহাটের পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে প্রবেশ করে হুমকি দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চার বিএনপি নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আবু সাঈদ, সহসভাপতি মতিউর রহমান, শাহাদাত হোসেন এবং দুলাল মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকা থেকে পাথর তোলার কাজে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দকৃত ড্রেজারটি স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এই খবর পেয়ে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল লোক বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। সেখানে তারা কর্তব্যরত বিজিবি সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে জব্দ করা ড্রেজার মেশিনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।
বিজিবি ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকেই ওই ছয়জনকে আটক করেন বিজিবি সদস্যরা। পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের পাটগ্রাম থানা-পুলিশে সোপর্দ করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি ক্যাম্পে প্রবেশ করে হুমকি দেওয়া ও বাধা সৃষ্টির অভিযোগে করা মামলায় ওই ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
































