দেশের চার জেলার শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী আশুলিয়া, সাভার, হেমায়েতপুর ও মিরপুর এলাকায় মোট ২০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এসব এলাকার মধ্যে বিশেষ নজরদারিতে রয়েছে ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, জামগড়া এবং পোশাক খাতের প্রধান প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ ও মিডলার গ্রুপ সংলগ্ন অঞ্চলগুলো। অন্যদিকে গাজীপুর জেলার শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে ১৫ প্লাটুন বিজিবি। জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা এবং বৈশয়া কুড়িবাড়ি এলাকায় এসব বিজিবি সদস্য সার্বক্ষণিক টহল ও নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
এছাড়া নারায়ণগঞ্জের শিল্প এলাকাগুলোতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে। সেখানে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় বিজিবি টহল দিচ্ছে। পাশাপাশি ময়মনসিংহের শিল্পভিত্তিক দুই এলাকা ভালুকা ও ত্রিশালে দায়িত্ব পালন করছে ২ প্লাটুন বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাঠে থাকা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সঙ্গে যৌথ সমন্বয়ের মাধ্যমে অত্যন্ত পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ের সর্বশেষ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ২৪ ঘণ্টা নজরদারি চালোনো হচ্ছে। সার্বক্ষণিক এই মনিটরিংয়ের সুবিধার্থে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিভিন্ন আধুনিক ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সরাসরি ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো জরুরি তথ্য তাৎক্ষণিকভাবে আদান-প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়।

























