ইউক্রেইনের দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের একটি জনাকীর্ণ শপিং মলে রাশিয়ার প্রাণঘাতী ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই হামলায় শিশুসহ আরও ৬৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর ওলেকসান্দার হানঝা। তিনি জানান, আহতদের মধ্যে আটটি শিশু রয়েছে।
ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানিয়েছেন, দিনদুপুরে ব্যস্ত রাস্তায় সাধারণ মানুষের ভিড়ের মধ্যে দোকানপাট ও যানবাহন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা গেছে, শপিং মল ও মূল সড়কের পাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গিয়েছিল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়ার মধ্যেই তা নেভানোর চেষ্টা করছিলেন।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দোকানপাটের কাছে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষকে হত্যা করতে ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলাকে রাশিয়ার ‘জোরজবরদস্তির কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের ওপর লাগাতার হামলা চালিয়ে ইউক্রেইনীয়দের ক্লান্ত করা এবং ইউক্রেইনকে ছাড় দিতে বাধ্য করাই রাশিয়ার মূল উদ্দেশ্য।
পাভলোহরাদ একটি কৌশলগত লজিস্টিক হাব হিসেবে পরিচিত এবং এর আগেও শহরটি রাশিয়ার বড় ধরনের হামলার শিকার হয়েছে। গত মাসেই শহরের একটি গুদামে হামলায় দুজন নিহত হয়েছিলেন। চলতি সপ্তাহে ইউক্রেইনের আরও একাধিক শপিং মল রুশ বাহিনীর লক্ষ্যবস্তু হয়েছে। বুধবার সুমি শহরের একটি মলে ড্রোন হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হন, এবং বৃহস্পতিবার সুমিতে পৃথক বিমান হামলায় আরও আটজন আহত হন। এছাড়া সোমবার জাপোরিঝঝিয়া শহরের একটি শপিং মল রুশ হামলায় প্রায় ধ্বংস হয়ে যায়, তবে সেটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত মাসে ক্রিভি রিহ শহরের একটি বাণিজ্যিক কেন্দ্রে ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।
অন্যদিকে, রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেইনের অঞ্চলেও শপিং মলে হামলার খবর পাওয়া গেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার মারিউপোলে এবং গত মাসে দোনেৎস্ক শহরের শপিং মলে ইউক্রেইনীয় ড্রোন হামলা হয়েছে। এছাড়া রাশিয়ান ভূখণ্ডেও হামলার দাবি করেছে মস্কো। বুধবার রাতে সোচি রিসোর্টের উপকূলে ইউক্রেইনীয় সামুদ্রিক ড্রোন হামলায় দুই শিশুসহ ২৮ জন আহত এবং বৃহস্পতিবার বেলগোরোদের নোভি ওস্কোল শহরে ড্রোন হামলায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এছাড়া জাপোরিঝঝিয়ায় ইউক্রেইনীয় হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী নিহত এবং ৬ বছরের শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিরা সম্প্রতি মস্কো ও কিইভে বৈঠক করলেও তাতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।





























