১২ সেপ্টেম্বর ২০২৬ (12-09-2026) ভোর ০৪: ০০ (04:00) ঘটিকায় প্রাপ্ত সংবাদে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলায় জুমার নামাজের সময় একটি বাড়িতে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। উপজেলার রাজারবিল দক্ষিণ নয়াপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আরাফাতের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় সুযোগ বুঝে ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে। তারা প্রথমে মোহাম্মদ আরাফাতের ছোট বোনকে রশি দিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর আলমিরা ভেঙে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে চম্পট দেয়।
ডাকাতির এই খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের দুটি পৃথক দল ওই দিন বিকেলেই ঘটনাস্থল পরিদর্শন করে। এর মধ্যে একটি দলের নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিমকে সেখানে পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে তিনি নিজেও দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও জানান, এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।





























