যুক্তরাষ্ট্র ব্রিকসের সদস্য না হলেও, আগামীকাল শনিবার দিল্লিতে শুরু হতে যাওয়া দুই দিনের ব্রিকস শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়া বেশ স্পষ্ট হয়ে উঠবে। ভারত ছাড়াও চীন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও ইরানসহ জোটের ১১টি দেশের নেতারা এই সম্মেলনে মিলিত হবেন। অতিথি হিসেবে সৌদি আরবও এতে অংশ নিচ্ছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ট্রাম্পের নেওয়া বিভিন্ন নীতির প্রভাব নিয়ে আলোচনার গুরুত্ব এখানে সবচেয়ে বেশি। বিশেষ করে ইরান যুদ্ধ ও হোয়াইট হাউসের ক্রমাগত শুল্ক আরোপের হুমকি বিশ্ব জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলেছে এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। তবে সরাসরি যুক্তরাষ্ট্রের সমালোচনা বা ট্রাম্পের ভূরাজনীতি মোকাবিলায় সমন্বিত কোনো কৌশলের যৌথ বিবৃতি আসার সম্ভাবনা কম।
আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যানের মতে, ব্রিকসের সদস্যদের স্বার্থের মধ্যে গভীর বিভাজন রয়েছে। ওয়াশিংটনকে অসন্তুষ্ট করতে পারে এমন কোনো যৌথ বিবৃতি দেওয়ার সক্ষমতা ভারতের নেই। ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একইভাবে চীন ও সংযুক্ত আরব আমিরাতও তাদের নিজস্ব ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে সতর্ক থাকবে। কুগেলম্যানের মতে, সম্প্রসারিত ব্রিকসের সদস্যদের মধ্যে বনিবনা না থাকায় ঐকমত্য তৈরি করা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ।
ট্রাম্প নিজেও ব্রিকসের বিরুদ্ধে বেশ সোচ্চার। বিশেষ করে বৈশ্বিক বাণিজ্যে ডলারের নির্ভরতা কমানোর বা 'ডি-ডলারাইজেশন' প্রক্রিয়ার বিরোধিতা করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ২০২৪ সালের নভেম্বরে ট্রাম্প বলেছিলেন, ডলারের বিকল্প মুদ্রাকে সমর্থন করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
গত এক দশকে ব্রিকসের গুরুত্ব অনেক বেড়েছে। বর্তমানে এই জোট বিশ্বের মোট জনসংখ্যার ৪৯ শতাংশ, বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ২৬ শতাংশ নিয়ন্ত্রণ করে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) প্রতিষ্ঠা এবং ১০ হাজার কোটি ডলারের জরুরি রিজার্ভ ব্যবস্থা জোটটির অন্যতম প্রধান অর্জন। এবারের সম্মেলনে স্থানীয় মুদ্রায় আন্তসীমান্ত লেনদেন সহজ করার উপায় নিয়ে আলোচনা হতে পারে, যা নিষেধাজ্ঞা কবলিত রাশিয়া ও ইরানের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর হিসেবে জাতিসংঘ, আইএমএফ ও বিশ্বব্যাংকের সংস্কারের দাবিও জোরালো হতে পারে।
ভারতের জন্য এই সম্মেলন বৈশ্বিক দক্ষিণের নেতা হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরার একটি বড় সুযোগ। তবে আফ্রিকা ও লাতিন আমেরিকায় চীনের শক্তিশালী উপস্থিতির বিপরীতে ভারতের প্রভাব বিস্তারের চেষ্টা সীমিত। এছাড়া, এবারের সম্মেলন থেকে একটি যৌথ বিবৃতি আদায় করা দিল্লির জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। গত মে মাসে ইরানের যুদ্ধ নিয়ে মতপার্থক্যের কারণে ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি। তবে ২০২৩ সালে জি-২০ সম্মেলনের অভিজ্ঞতা থেকে ভারত আত্মবিশ্বাসী হতে পারে।
দিল্লিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। শনিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মোদির বৈঠকের দিকেও নজর থাকবে, যেখানে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পাবে। সব মিলিয়ে, এই সম্মেলন ব্রিকসের প্রভাব জোরালো করার পাশাপাশি ভারতের জন্য একটি বড় ভূরাজনৈতিক পরীক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।






























