বরিশালে দৈনিক সমকাল পত্রিকার কার্যালয় থেকে সাবেক ব্যুরো প্রধান ও প্রবীণ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কার্যালয়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে তার নিজের হাতে লেখা আবেগঘন পাঁচটি সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সাংবাদিক পুলক চ্যাটার্জি তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জি, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশ্যে পৃথক এই চিরকুটগুলো লিখে গেছেন।
নিজের স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশ্যে লেখা চিরকুটে পুলক চ্যাটার্জি লিখেছেন, 'আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতি, তুমি পড়াশোনা ও গান শেখা চালিয়ে যেও। প্রিয়াংকা, আমার অনুপস্থিতি তোমার জীবনে পূরণ হবার নয়। তারপরও কারো জন্য কিছু থেমে থাকে না। তোমার দীপক (চান) ভাইয়ের সাথে থেকো। দীপক তোমাকে আগলে রাখবে।'
ছোট ভাই দীপক ও তার স্ত্রী ইতির উদ্দেশ্যে তিনি লিখেছেন, 'বিদায়। প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রাখিস। তোর ওপর অনেক বড় বোঝা চাপিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস। মুক্তিযুদ্ধের ভাতা ও আমার ব্যাংক হিসাবের বিষয়ে দেবাশীষের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নিস। প্রিয়াংকা ও প্রকৃতিকে তোর কাছে রাখিস।'
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের উদ্দেশ্যে লেখা চিরকুটে তিনি উল্লেখ করেছেন, 'জাকির বিদায়। তোমার সঙ্গে আমার অনেক স্মৃতি। আমার মরদেহ হয়রানি ছাড়া পরিবারের কাছে দেওয়ার চেষ্টা করিও। যেহেতু স্বেচ্ছায় আত্মহনন করলাম, তাই ময়নাতদন্ত করার প্রয়োজন নাই। পারলে তোমার বৌদি ও প্রকৃতির মাঝে মাঝে খোঁজ নিও।'
দীর্ঘদিনের সহকর্মী ও সমকালের বরিশাল ব্যুরোর বর্তমান দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরীের উদ্দেশ্যে পুলক চ্যাটার্জি লিখেছেন, 'সুমন, বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। এক সঙ্গে প্রায় দেড় যুগ কাজ করেছি, কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পারো সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বৌদির হাতে দিও।'
পুলিশ শুক্রবার সন্ধ্যার পর সমকালের বরিশাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে এবং পুরো বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানান, দৈনিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বরিশালের ব্যুরো প্রধান হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন পুলক চ্যাটার্জি। তবে ২০২৩ সালের মে মাসে সমকাল কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে। চাকরি হারানোর পর থেকেই তিনি তীব্র হতাশায় ভুগছিলেন। সমকাল কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দিলেও, বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী তার প্রতি সম্মান প্রদর্শন করে অফিসের একটি চাবি তাকে দিয়েছিলেন এবং বলেছিলেন তিনি যেন আগের মতোই যখন খুশি অফিসে এসে বসেন। সেই সুবাদে পুলক চ্যাটার্জি মাঝে মাঝেই সমকাল অফিসে এসে বসতেন।
যথারীতি শুক্রবারও কোনো এক সময়ে পুলক চ্যাটার্জি সমকাল অফিসে এসে বসেন। ওইদিন সন্ধ্যায় সুমন চৌধুরী অফিসে এসে দেখেন যে বাইরে থেকে তালা খোলা থাকলেও দরজাটি ভেতর থেকে আটকানো। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি পাশের অফিসের সহকর্মী ও বাড়ির মালিককে জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য, এই ঘটনা সংক্রান্ত প্রতিবেদনটি ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২টা ১৫ মিনিটে প্রকাশ করা হয়।





























