ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জনতা দল (সেক্যুলার)-এর সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসের ফরেনসিক বিশ্লেষণে বহু পর্ন ভিডিও পাওয়া গেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১১ আগস্ট বেঙ্গালুরুর পরাপ্পানা আগ্রাহারা কেন্দ্রীয় কারাগারে অপরাধ শাখার কর্মকর্তারা আকস্মিক তল্লাশি চালান। এ সময় উচ্চনিরাপত্তার ব্যারাকে মোবাইল ফোন ব্যবহাররত অবস্থায় প্রজ্বল রেভান্নাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি চার্জার, একটি পেনড্রাইভ এবং একটি নোটবুক জব্দ করা হয়।
পরে জব্দকৃত মোবাইল ফোন ও পেনড্রাইভ ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে দেখা যায়, মোবাইল ফোনে প্রচুর পর্ন ভিডিও এবং পেনড্রাইভে বিভিন্ন ওয়েব সিরিজ রয়েছে। এই ঘটনাটি কারাগারের ভেতরে ভিআইপি বন্দিদের বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এক কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্বল রেভান্না ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি এবং কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাতিজা। ধর্ষণ এবং এক নারীর যৌন নির্যাতনের ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে তিনি বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। মামলার নথিপত্র অনুযায়ী, হাসান জেলার হোলেনারাসিপুরায় রেভান্না পরিবারের খামারবাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত ৪৮ বছর বয়সী এক নারীকে ২০২১ সাল থেকে একাধিকবার ধর্ষণ করেন প্রজ্বল। ওই নারীর অভিযোগ, কাউকে জানালে ঘটনার ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি।
কারাগারের নিয়ম অনুযায়ী, বন্দিদের ব্যক্তিগত মোবাইল ফোন, সিম কার্ড বা কোনো প্রকার ইলেকট্রনিক যোগাযোগের ডিভাইস ব্যবহারের সুযোগ নেই। বন্দিরা কেবল কঠোর নজরদারির অধীনে প্রাতিষ্ঠানিক ল্যান্ডলাইন, পাবলিক কল অফিস (পিসিও) এবং নির্দিষ্ট কিছু ভিডিও কলের সুবিধা ব্যবহারের অনুমতি পান।






























