১৩ সেপ্টেম্বর ২০২৬ (2026) ভোর ০৪: ৫১ মিনিটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নোয়াখালীতে লক্ষ্মীপুর-দত্তপাড়া-চাটখিল-খিলপাড়া সড়কের প্রায় ৭ কিলোমিটার অংশ সংস্কারের মাত্র দুই মাসের মাথায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত ও ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও সড়কটি পাশের জমি ও খালে ধসে পড়ার উপক্রম হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, যাত্রী ও চালকেরা। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং অনিয়মের মাধ্যমে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও নোয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কিছু কর্মকর্তার বিরুদ্ধে।
সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, চাটখিল-খিলপাড়া সড়কের এ অংশটি মেরামতের জন্য ৭ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে কাজ পায় ঢাকার মিরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স এন্ড নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন জেবি। তবে মাঠপর্যায়ে কাজটি বাস্তবায়ন করেছেন নোয়াখালীর স্থানীয় ঠিকাদার মোরশেদ আলম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে সড়কটিতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘ এক দশক পর স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের আন্তরিক প্রচেষ্টায় সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হলে মানুষের মনে স্বস্তি ফিরেছিল। কিন্তু কাজ শেষ হতে না হতেই সড়কের এই বেহাল দশা তাদের চরম হতাশ করেছে।
স্থানীয়দের অভিযোগ, কার্যাদেশ অনুযায়ী ৪০ মিলিমিটার পুরুত্বের ঢালাই দেওয়ার নিয়ম থাকলেও অনেক জায়গায় মাত্র ২৫ থেকে ৩০ মিলিমিটার দেওয়া হয়েছে। এছাড়া সড়ক টেকসই করতে প্রথমে গাইড ওয়াল নির্মাণ করে মাটি ভরাট ও রোলার দিয়ে ম্যাকাডম করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। ফলে ইতিমধ্যে অন্তত ১২-১৩টি স্থানে সড়ক ধসে পড়েছে, যা বর্তমানে বালুর বস্তা ও কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। ভারী বৃষ্টি হলে সড়কটি পুরোপুরি ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিএনজিচালক আব্দুল হান্নান ও পথচারী কফিল উদ্দিন ভূঁইয়া জানান, অত্যন্ত নিম্নমানের বিটুমিন ও পাথর ব্যবহার করায় হাতের টানেই পিচ উঠে আসছে। তাছাড়া প্রায় ৫০ কিলোমিটার দূর থেকে বিটুমিন-পাথর মিক্স করে নিয়ে এসে কাজ করায় সড়কটির অধিকাংশ জায়গায় ফাটল ধরেছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদার মোরশেদ আলম দাবি করেন, সড়কটি এলজিইডি থেকে সওজে এসেছে। তার ১০৭ মিটার গাইড ওয়াল করার কথা থাকলেও তিনি ১৮৬ মিটার করেছেন। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়মবহির্ভূতভাবে রাস্তার দুই কিলোমিটার অংশ খুঁড়ে পানির পাইপ বসিয়েছে এবং রাস্তার পাশে একাধিক পুকুর থাকায় বিভিন্ন স্থান দেবে গেছে। এতে তার প্রাক্কলনের বাইরে প্রায় ৬০ লাখ টাকা লোকসান হবে দাবি করে তিনি জানান, বর্তমানে ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করা হচ্ছে।
এদিকে নোয়াখালী সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথমে তথ্য দিতে গড়িমসি করলেও পরে কাজে কিছু অনিয়ম ও নিম্নমানের বিটুমিন ব্যবহারের কথা স্বীকার করেন। আর সওজের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম কাজের ত্রুটি ও অনিয়মের কথা স্বীকার করে বলেন, ভারী বৃষ্টির কারণে এই ক্ষতি হয়েছে। বৃষ্টি কমায় বর্তমানে পুনরায় মেরামতকাজ চলছে। তিনি আরও জানান, এই কাজের জন্য তিন বছরের ‘ডিফেক্ট লায়াবিলিটি’ বা দায়বদ্ধতার মেয়াদ রয়েছে। এই সময়ের মধ্যে কোনো সমস্যা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজ দায়িত্বে তা মেরামত করে দিতে বাধ্য থাকবে।
নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম জানান, চাটখিল-খিলপাড়া সড়কের প্রায় ৭ কিলোমিটার অংশ মেরামতের জন্য ৭ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে কাজটি পান মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স এন্ড নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন জেবি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৯/বি, উত্তর টোলারবাগ (প্রথমতলা), মিরপুর-১, ঢাকা-১২১৬। তবে কাজটি করেন নোয়াখালীর ঠিকাদার মোরশেদ আলম।



























