রাজধানীর গুলশানে সরকারবিরোধী মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন—মো. রহিম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান, মো. মুন্না মিয়া, সামিন ইয়াসার (সাফায়াত), মো. রাসেল, এইচ এম জাকারিয়া রহমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহমেদ, মো. সোহরাব, মো. হযরত আলী, মো. আক্তারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, মো. হাবিব সিকদার, মো. জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভান্ডারী, বাবুল গোপ, মো. ফরিদ আহমেদ, ইন্দ্রনীল দেব শর্মা, মো. নজরুল ইসলাম এবং মাসুদ হাসান শামীম।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন গ্রেপ্তারকৃত ২৫ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। রিমান্ডের পক্ষে পাঁচটি যুক্তি তুলে ধরে তিনি বলেন, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার, এবং ষড়যন্ত্রকারী ও অর্থ জোগানদাতাদের তথ্য জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। এছাড়া পলাতকদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থেও রিমান্ড প্রয়োজন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে।
এদিকে গ্রেপ্তারকৃতদের মধ্যে আরাফাত নামের এক আসামিকে অপ্রাপ্তবয়স্ক বা শিশু দাবি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র দাখিল ও অধিকতর শুনানির জন্য আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানা এলাকায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন। নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সরকারকে বিপাকে ফেলার উদ্দেশ্যে তারা এই সমাবেশের আয়োজন করেন। এ সময় রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে মিছিলকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।



























