দেশের বাজারে ইলিশের জোগান কমে যাওয়ায় ঘাটতি মেটাতে প্রথমবারের মতো ভারত থেকে ইলিশ আমদানি করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, গত দুই মাসে ভারতের গুজরাতের ভরুচ এবং পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছবাজার থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে এসেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে এ বছর ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ব্যবসায়ীরা ভারত থেকে মাছ আমদানির পথে হাঁটছেন। আমদানি করা ইলিশের একটি অংশ দেশে বিক্রির পাশাপাশি প্রক্রিয়াজাত করে বিদেশেও পাঠানো হচ্ছে। এছাড়া কিছু ইলিশ শুকিয়ে নোনা ইলিশ হিসেবেও স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে।
হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, সাধারণত বাংলাদেশ থেকে ভারতে বোয়াল, রুই, পারশে ও ট্যাংরাসহ বিভিন্ন মাছ রফতানি করা হলেও এবারই প্রথম উল্টো চিত্র দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটের বাজারে ডিমওয়ালা ইলিশের চাহিদা বেশি। গুজরাতের বাজারে ডিমওয়ালা ইলিশ বেশি পাওয়ায় সেখান থেকেই মাছ পাঠানো হচ্ছে এবং আমদানি করা ইলিশের ডিম আলাদা করে বাংলাদেশে বিক্রি করা হচ্ছে।
বিশ্বের মোট ইলিশের একটি বড় অংশ বাংলাদেশে আহরণ করা হলেও চলতি মৌসুমে জোগান কমে যাওয়ায় স্থানীয় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। অভ্যন্তরীণ চাহিদা সামাল দিতেই ব্যবসায়ীরা ভারত থেকে ইলিশ আমদানির এই উদ্যোগ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





























