তিন বছর আগে নিজের প্রতিষ্ঠিত জনপ্রিয় ব্যবসায়িক সাম্রাজ্য ‘ম্যাগনোলিয়া’ থেকে আকস্মিকভাবে কেন বিরতি নিয়েছিলেন, তা নিয়ে মুখ খুলেছেন ‘ফিক্সার আপার’ খ্যাত তারকা জোয়ানা গেইন্স। ৪৮ বছর বয়সী এই তারকা হোদা কোটবের পডকাস্ট ‘জয় ১০১’-এর গত ৭ সেপ্টেম্বরের পর্বে অংশ নিয়ে এই সিদ্ধান্তের পেছনের কারণগুলো বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, স্বামী চিপ গেইন্সের (৫১) সঙ্গে মিলে প্রায় ২৫ বছর ধরে ব্যবসা পরিচালনার পর একপর্যায়ে তারা চরম মানসিক অবসাদে ভুগছিলেন, যাকে তিনি ‘আত্মার ক্লান্তি’ বা ‘সোল উইরিনেস’ হিসেবে বর্ণনা করেছেন।
জোয়ানা জানান, একটানা কাজ করতে করতে তারা একসময় ব্যবসার মূল লক্ষ্যই হারিয়ে ফেলেছিলেন। পডকাস্টে তিনি বলেন, আমরা কেন এই কাজ করছি, তা-ই ভুলে গিয়েছিলাম। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা তিন মাসের একটি সাবাটিক্যাল বা দীর্ঘ ছুটি নেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও গ্রীষ্মকালীন এই ছুটির কারণে তাদের নিজস্ব টিমসহ অনেককেই হতাশ হতে হয়েছিল। জোয়ানা স্বীকার করেন, হুট করে সবকিছু ফেলে চলে যাওয়াটা তাদের জন্য সহজ ছিল না এবং এর জন্য তাদের বেশ মূল্যও চুকাতে হয়েছে। তবে ওই তিন মাস নিজেদের গুছিয়ে নিতে এবং কাজের উদ্দেশ্য নতুন করে খুঁজে পেতে অত্যন্ত জরুরি ছিল।
নিজের মানসিক অবস্থার বর্ণনা দিয়ে জোয়ানা বলেন, দৈনন্দিন রুটিনের প্রতি একঘেয়েমি ও ভীতি তাকে গ্রাস করেছিল। শারীরিক ক্লান্তি কাটিয়ে ওঠা গেলেও ‘আত্মার ক্লান্তি’ অত্যন্ত বিপজ্জনক। তবে এই বিরতি তাদের আবার নতুন উদ্যমে কাজে ফেরার অনুপ্রেরণা জুগিয়েছে। বর্তমানে তিনি নিজের মধ্যে ক্লান্তির লক্ষণ দেখা দিলেই সচেতন হয়ে যান এবং নিয়মিত বিরতি নেন।
২০০৩ সালে টেক্সাসের ওয়াকোতে চিপ গেইন্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই ইন্টেরিয়র ডিজাইনার। এই দম্পতির ঘরে ড্রেক (২১), ডিউক (১৮), ক্রু (৮) নামে তিন ছেলে এবং এলা (১৯) ও এমি (১৬) নামে দুই মেয়ে রয়েছে। ওয়াকোতেই অক্টোবরে তারা প্রথম ‘ম্যাগনোলিয়া’ স্টোর চালু করেছিলেন, যা পরবর্তীতে একটি বিশাল মিডিয়া ও রিটেইল সাম্রাজ্যে রূপ নেয়। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত এইচজিটিভি চ্যানেলে তাদের জনপ্রিয় হোম রেনোভেশন সিরিজ ‘ফিক্সার আপার’ টানা পাঁচ মৌসুম প্রচারিত হয়েছিল।


























