জাতীয় সংসদের স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনিই প্রথম ভোলাকে রক্ষার উদ্যোগ নিয়েছিলেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তৃতায় নিজের রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েই মানুষ তাকে মনে রেখেছে। তিনি জানান, লালমোহন থেকেই তিনি প্রথম সেনাবাহিনীতে যোগদান করেন এবং মেজর জিয়াউর রহমান ছিলেন তার প্রশিক্ষক। এ সময় তিনি নিজের সততার কথা উল্লেখ করে বলেন, তিনি কখনোই ধন-সম্পদ অর্জনের চেষ্টা করেননি, অথচ বর্তমানে অনেক এমপি হাজার হাজার কোটি টাকা উপার্জন করছেন।
জনগণের উদ্দেশ্যে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের সুনাম যেন সব সময় অক্ষুণ্ণ থাকে, সেদিকে সচেষ্ট থাকতে হবে। তিনি তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন এবং রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস প্রদান করেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন হাং ও হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা আমিরুল ইসলাম বাসেদ, মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু এবং মহিলা দল সভাপতি ফরিদা ইয়াছমিনসহ অন্যান্যরা।































