গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি ঘটে যাওয়া নাশকতা ও সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে বিশেষ চিরুনি অভিযানের প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
পুলিশের এই কর্মকর্তা জানান, নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে রাজধানীজুড়ে পুলিশি টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে রাস্তায় বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নিয়াজ মেহেদী বলেন, ইতিমধ্যে কিছু সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা বর্তমানে পালিয়ে আছেন বা আত্মগোপনে রয়েছেন তাদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।
নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি আরও জানান, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এসব স্থাপনায় পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টার কার্যক্রম সম্পর্কে নিয়াজ মেহেদী জানান, বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে এ পর্যন্ত ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সংক্রান্ত ঘটনায় মোট ৬৪টি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।


























