কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে আলম হাজারী নামের এক ব্যক্তিকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর বিষয় হলো, গ্রেপ্তার হওয়া এই ব্যক্তি আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দিলেও, তার অতীত কর্মকাণ্ড ও বর্তমানে দলের ভেতরে তার প্রভাব নিয়ে তৃণমূল পর্যায়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, বিগত ১৫ বছরের কঠিন সময়ে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে হাজার হাজার নেতা-কর্মী ভিটেমাটি ছাড়া হয়েছেন, বছরের পর বছর খেটেছেন জেল। ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দীর্ঘ সাড়ে ১৫ বছরে প্রায় দেড় লাখ মামলায় ৬০ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে বলে দাবি বিএনপির। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে তাদের অনেকেরই ঠাঁই হচ্ছে না প্রথম সারিতে। দলীয় পদায়ন, স্থানীয় নিয়ন্ত্রণ কিংবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা দিন দিন আরো কোণঠাসা হয়ে পড়ছেন। ক্ষমতা পরিবর্তনের পর দলের নীতিনির্ধারণী পর্যায়ে পুরনো ও পরীক্ষিত কর্মীদের চেয়ে ‘বসন্তের কোকিল’ খ্যাত নব্য নেতাদের দাপট বেড়ে যাওয়ায় ত্যাগীদের মধ্যে বঞ্চনা ও হতাশা বাড়ছে। অভিযোগ রয়েছে, বিগত দিনে যারা রাজপথে ছিল না, বরং অনেক ক্ষেত্রে ক্ষমতাসীনদের সাথে আঁতাত করে চলেছে, তারাই এখন টাকার জোরে বা ক্ষমতার দাপটে সামনে চলে আসছে।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন আলম হাজারী। আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে অর্থায়নের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর এখন প্রশ্ন উঠেছে, কাদের ইশারায় এসব নব্য নেতা দলের নিয়ন্ত্রণ ও সুযোগ-সুবিধার ভাগ বসাচ্ছেন।
তৃণমূলের দাবি, ত্যাগীদের বাদ দিয়ে উত্তরাধিকারীদের রাজনীতি প্রতিষ্ঠা করা হলে দল হয়তো ক্ষমতায় থাকতে পারে, কিন্তু আদর্শের জায়গা থেকে পিছিয়ে পড়বে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গত ১৭ বছর যারা মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জায়গা কোথায়? তিনি আরও প্রশ্ন রাখেন, যেসব নেতার সন্তানরা আজ উত্তরাধিকার সূত্রে পদ-পদবি পাচ্ছেন, গত ১৭ বছরে তাদের কতজন জেল খেটেছেন বা রাজপথে পুলিশের লাঠি খেয়েছেন?
দলের ভেতরে এই অসন্তোষ এখন আর ঘরোয়া আলোচনায় সীমাবদ্ধ নেই। বঞ্চিত ও অবহেলিত নেতা-কর্মীরা ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী ঐক্য পরিষদ’ নামে একটি নতুন সংগঠনও গড়ে তুলেছেন। সিনিয়র নেতাদের মতে, বিরোধী অবস্থানে যাদের ওপর নির্ভর করতে হয়েছে, ক্ষমতায় যাওয়ার পর তাদের পাশাপাশি নতুন সামাজিক শক্তিকেও জায়গা দিতে হয়। তবে এই ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হলে পুরনো কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রত্যেকের ত্যাগ অনস্বীকার্য এবং দল যথাযথভাবে সবাইকে মূল্যায়ন করবে। তবে তৃণমূলের কর্মীরা বলছেন, শুধু কর্মসূচি দিলেই হবে না, বরং দলের প্রতিটি স্তরে নির্যাতিত কর্মীদের সম্মান ও পদায়ন নিশ্চিত করতে হবে। অন্যথায় 'বসন্তের কোকিলদের' দাপট বন্ধ না হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি জনগণের আস্থায় ফাটল ধরতে পারে বলে তারা মনে করছেন।





























